লেটেস্ট নিউজ

বসন্তের শুরুতেই ঊর্ধ্বমুখী পারদ, ফেব্রুয়ারিতেই কলকাতার তাপমাত্রা ছাড়াতে পারে ৩১ ডিগ্রি

বাঙালি শীতপ্রেমীদের নিরাশ করে বিদায়লগ্নে দাঁড়িয়ে শীতকাল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষদিকে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার অনুপস্থিতিতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দ্রুত হারে বাড়তে শুরু করবে, ফলে দিনের বেলায় শীত কার্যত উধাও হওয়ার সম্ভাবনা।

কলকাতায় চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মহানগরে রাতের দিকে থাকা হালকা শীতের আমেজও ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। সপ্তাহের শেষে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৩৩ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকলেও তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

সাগরে সৃষ্ট নিম্নচাপ নিয়ে উদ্বেগের মাঝে স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি বর্তমানে নিম্নচাপে পরিণত হয়ে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও বাংলার ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না। ফলে চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বরং কড়া রোদে গলদঘর্ম হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *