লেটেস্ট নিউজ

ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব পাঠানোর অভিযোগ, ডায়মন্ড হারবারে গ্রেপ্তার অধ্যাপক

ডায়মন্ড হারবারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে শ্লীলতাহানি এবং হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ পাঠিয়ে উত্যক্ত করার অভিযোগে এক সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ডঃ রবিকান্ত বল্লভ, যিনি ওই প্রতিষ্ঠানের ফিজিওথেরাপি বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, গত দু’দিন ধরে অভিযুক্ত অধ্যাপক তাকে নানাভাবে হেনস্তা করছিলেন এবং ক্যাম্পাসের মধ্যেই তাঁর শ্লীলতাহানি করা হয়।

এই ন্যাক্কারজনক ঘটনা জানাজানি হতেই মঙ্গলবার সরিষার চেওড়া এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সাধারণ ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশি আশ্বাসে এবং অভিযোগ দায়েরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন, ছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সহকারী অধ্যাপককে ক্যাম্পাস থেকেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও সাইবার অপরাধ সংক্রান্ত ধারায় মামলা রুজু করা হয়েছে। বুধবার ধৃত ব্যক্তিকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় গোটা শিক্ষা প্রতিষ্ঠান জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *