লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি, সুন্দরবনে মহিলাদের আগাম হোলি ও ধন্যবাদ মিছিল
রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতা অর্জনে খুশি সুন্দরবনের প্রান্তিক এলাকার মহিলারা। সম্প্রতি রাজ্য বাজেটে এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাওয়ায় উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েত এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। কয়েক’শ মহিলা টাকি-মালঞ্চ রোডে মিছিলে শামিল হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবির খেলে ও বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে দোলের আগেই প্রাক-হোলি উৎসবে মাতেন স্থানীয় মহিলারা। তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ব্লক ২ সাধারণ সম্পাদক মুকুল মণ্ডলের নেতৃত্বে এবং মাখালগাছা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল স্তরের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এই উদযাপনে অংশ নেন।
প্রান্তিক অঞ্চলের মহিলারা জানান, এই প্রকল্প তাঁদের দৈনন্দিন অভাব মেটাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা পালন করছে। অনুদানের অঙ্ক বৃদ্ধি পাওয়ায় তাঁদের আর্থিক নিরাপত্তা আরও সুদৃঢ় হয়েছে। এদিনের কর্মসূচিতে মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও শাসকদলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

