লেটেস্ট নিউজ

পরমাণু আলোচনার আবহে ট্রাম্পকে খামেনির চ্যালেঞ্জ, ‘ইরানকে নির্মূল করা আসাম্ভব’

ইরানের পরমাণু ইস্যুতে জেনেভায় আমেরিকার সঙ্গে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শুরু হতেই কড়া অবস্থান নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ইরানকে কখনও নির্মূল করা যাবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় খামেনি মার্কিন সামরিক শক্তিকে কটাক্ষ করে সতর্ক করেন যে, তথাকথিত শক্তিশালী বাহিনীও এমন আঘাত পেতে পারে যা থেকে ঘুরে দাঁড়ানো আসাম্ভব।

জেনেভায় এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন নিয়ে সরব হয়েছেন খামেনি। তিনি জানান, মার্কিন নৌ-শক্তি বিপজ্জনক হলেও ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মুহূর্তেই সেই জাহাজ ধ্বংস করতে সক্ষম। ট্রাম্পের অতীত মন্তব্য টেনে তিনি দাবি করেন, গত ৪৭ বছরেও যুক্তরাষ্ট্র ইসলামিক রিপাবলিককে ক্ষমতাচ্যুত করতে পারেনি এবং ভবিষ্যতেও তা সম্ভব হবে না।

অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদলের পক্ষে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এই পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন। ট্রাম্প সমঝোতার বিষয়ে আশাবাদী হলেও প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ওমানে প্রথম দফার বৈঠকের পর জেনেভার এই আলোচনা দুই দেশের দীর্ঘদিনের সংঘাত নিরসনে কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *