পাঞ্জাবি বিয়েতে টাকার বৃষ্টি, সাড়ে ৮ কোটি ওড়ানোর দাবি ঘিরে তুঙ্গে বিতর্ক
পাঞ্জাবের তরণতারণে একটি বিয়েতে নববধূর্তে বরণ করতে দেদার টাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি আয়োজিত ওই অনুষ্ঠানে কনের ওপর নোট ও ডলার ছড়ানোর দৃশ্য দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ওই বিয়েতে প্রায় ৮.৫ কোটি টাকা ওড়ানো হয়েছে, যা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে যায়।
তবে কোটি কোটি টাকা ওড়ানোর এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বরপক্ষ। বরের দাদা সিকান্দর সিং জানিয়েছেন, তাঁর ভাই অস্ট্রেলিয়ায় ট্রাক ব্যবসা করেন এবং আনন্দের আতিশয্যে তাঁরা কিছু টাকা ছড়িয়েছিলেন। তবে সেই অর্থের পরিমাণ কোনোভাবেই ২ লাখ টাকার বেশি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে বিষয়টিকে অতিরঞ্জিত করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার ও ডিজে-ও জানিয়েছেন যে, সেখানে বড়জোর ৪ লাখ টাকার মতো ওড়ানো হয়েছিল। ভাইরাল ভিডিওটিতে অতিথিদের গানের তালে নাচতে এবং মেঝে টাকায় ভরে যেতে দেখা গেলেও, ৮.৫ কোটি টাকার তথ্যটি নিছকই গুজব। নেটিজেনদের একাংশ এই অপচয় নিয়ে সমালোচনা করলেও, বিয়েবাড়ির জাঁকজমক ও উৎসবের আমেজ এখনও আলোচনার কেন্দ্রে রয়েছে।

