লেটেস্ট নিউজ

ভোটের মুখে শাসকদলকে ‘চার্জশিট’ বিজেপির, মমতার এলাকায় পরিষেবা নিয়ে সরব অভিজিৎ

রাজ্যে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিধানসভা ভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ শুরু করল বিজেপি। দক্ষিণ কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এলাকায় এই কর্মসূচির সূচনা করেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত কলকাতা পুরসভার নাগরিক পরিষেবা নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে ধরে শাসকদলকে বিঁধেছেন তিনি।

সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি, কলকাতা পুরসভা সাধারণ মানুষকে পানীয় জল, নিকাশি ব্যবস্থা এবং জঞ্জাল সাফাইয়ের মতো ন্যূনতম পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। যেহেতু রাজ্যের শাসকদলই বর্তমানে পুরসভা পরিচালনা করছে, তাই এই ব্যর্থতার দায় তাদেরই নিতে হবে। আসন্ন নির্বাচনে ভোটাররা এই বিষয়গুলো মাথায় রাখবেন জানিয়ে তিনি বলেন, শাসকদলের কাছে এই অভিযোগগুলোর কোনো সদুত্তর নেই।

একইসঙ্গে ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে তিনি সরব হন। বিজেপি সাংসদের মতে, প্রকৃত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হলে কলকাতা পুরসভা থেকে পঞ্চায়েত—সবক্ষেত্রেই শাসকদল পরাজিত হতো। উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর মার্চেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার আগে বিজেপির এই ‘চার্জশিট’ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *