তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা ও ‘ইঞ্জিনিয়ারিং’ মন্তব্য ঘিরে বাংলাদেশে তুঙ্গে রাজনৈতিক বিতর্ক
বাংলাদেশে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। এনসিপি ও জামায়াত সমর্থকরা তাঁকে ‘ভোট চুরির ইঞ্জিনিয়ার’ আখ্যা দিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক মিম ও এআই ছবি ছড়িয়ে দিচ্ছে। বিশেষ করে তাঁর উচ্চমাধ্যমিক পাসের শিক্ষাগত যোগ্যতা এবং নির্বাচনী হলফনামাকে কেন্দ্র করে এই হাসাহাসি এখন তুঙ্গে।
বিতর্কের সূত্রপাত তারেক রহমানের একটি মন্তব্য ঘিরে। নির্বাচনে কারচুপির অভিযোগের জবাবে তিনি বলেছিলেন, তিনি মানুষের মন জয়ের ‘ইঞ্জিনিয়ারিং’ করেছেন। এরপরই এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ও আসিফ মাহমুদসহ বিরোধী শিবির দাবি করে, ঢাকা-১৩ ও ঢাকা-১৫-সহ বিভিন্ন আসনে ডিজিটাল কারচুপির মাধ্যমেই জয় পেয়েছে বিএনপি। জামায়াত নেতাদের মতে, এই জয় জনমতের নয়, বরং কৌশলী কারচুপির ফল।
বিএনপি সমর্থকরা অবশ্য এই প্রচারণাকে প্রত্যাখ্যান করে একে ‘অপমানজনক’ ও পরাজিতের হাহাকার বলে দাবি করেছে। তাদের মতে, নির্বাচনে ব্যর্থ হয়ে জামায়াত-এনসিপি জোট এখন ব্যক্তিগত আক্রমণ ও মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। বর্তমানে এই ‘ইঞ্জিনিয়ারিং’ বিতর্ককে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও সোশ্যাল মিডিয়া চরম উত্তপ্ত হয়ে উঠেছে।

