আইনি জটিলতায় আদিত্য ধর: বিএমসির পর এবার সরব অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন
শুটিংয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগে পরিচালক আদিত্য ধরের প্রযোজনা সংস্থা ‘B62 স্টুডিওস’-এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিল বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) ও অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর ২’ ছবির শুটিং চলাকালীন বিনা অনুমতিতে ড্রোন ব্যবহার এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করে গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগ উঠেছে। এই চরম অবহেলার কারণে বিএমসি ইতিমধ্যেই সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বারবার সতর্ক করা সত্ত্বেও অনেক প্রযোজনা সংস্থা কলাকুশলীদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। সংগঠনের দাবি, শুটিং সেটে অগ্নিকাণ্ড বা সেট ভেঙে পড়ার মতো দুর্ঘটনার নেপথ্যে এই ধরনের নিয়ম লঙ্ঘনই দায়ী। শিল্পীদের সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তারা।
বিএমসির গৃহীত পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়ে সংগঠনটি আদিত্য ধরের সংস্থার কাছে জবাবদিহি চেয়েছে। আগামী ১৯ মার্চ রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, এই আইনি জটিলতা নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আইন সবার জন্য সমান—এই বার্তা দিয়ে সিনে সংগঠনটি স্পষ্ট করেছে যে, অবহেলার কারণে প্রাণহানি রুখতে কঠোর ব্যবস্থার কোনো বিকল্প নেই।

