রানা দগ্গুবতির নুনহীন ডায়েট, কতটা স্বাস্থ্যকর এই খাদ্যাভ্যাস?
পেশিবহুল শরীর ও ফিটনেসের জন্য পরিচিত দক্ষিণী তারকা রানা দগ্গুবতি সম্প্রতি তাঁর কঠিন জীবনযাত্রার কথা প্রকাশ করেছেন। উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং কিডনির সমস্যার কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি এড়াতে তিনি মাসের পর মাস নুন ছাড়া খাবার খেয়েছেন। ধমনীতে প্লাক জমে যাওয়া এবং করোনারি আর্টারির জটিলতা থেকে বাঁচতে চিকিৎসকদের পরামর্শেই তিনি এই বিশেষ ডায়েট অনুসরণ করেছিলেন।
তবে বিশেষজ্ঞদের মতে, রানার মতো বিশেষ শারীরিক অবস্থা ছাড়া সাধারণ মানুষের জন্য নুনহীন ডায়েট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুষ্টিবিদদের মতে, শরীর থেকে সোডিয়ামের মাত্রা অতিরিক্ত কমে গেলে ‘হাইপোনেট্রিমিয়া’ দেখা দিতে পারে। এর ফলে হজমশক্তি হ্রাস, বমি ভাব এবং চরম শারীরিক দুর্বলতা তৈরি হয়। লবণের ঘাটতি শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য নষ্ট করে স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যক্ষমতাকে ব্যাহত করতে পারে।
দীর্ঘদিন নুন ছাড়া খাবার খেলে মস্তিষ্কের কোষে জল জমে বিভ্রান্তি বা খিঁচুনির মতো গুরুতর সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া অতিরিক্ত কম নুন রক্তে ট্রাইগ্লিসারাইড এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি উল্টো বাড়িয়ে দিতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নুন বর্জনের মতো সিদ্ধান্ত স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

