লেটেস্ট নিউজ

মহারাষ্ট্রে মুসলিম সংরক্ষণ অধ্যাদেশ বাতিল করল মহাজুটি সরকার

মহারাষ্ট্রের সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে মুসলিমদের জন্য প্রস্তাবিত ৫ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত পুরনো একটি অধ্যাদেশ আনুষ্ঠানিকভাবে বাতিল করল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের নেতৃত্বাধীন মহাজুটি সরকার। ২০১৪ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৎকালীন কংগ্রেস-এনসিপি জোট সরকার ‘স্পেশ্যাল ব্যাকওয়ার্ড ক্লাস এ’ ক্যাটেগরির অধীনে এই সংরক্ষণের সংস্থান করেছিল। তবে দীর্ঘ ১২ বছর পর বিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকার সেই পুরনো সিদ্ধান্ত বাতিলের বিজ্ঞপ্তি জারি করল।

আইনি জটিলতা ও বম্বে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ২০১৪ সালের সেই অধ্যাদেশটি দীর্ঘদিন ধরেই কার্যকর ছিল না। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় বিল পাস না হওয়ায় সেটি কার্যত অকেজো হয়ে পড়েছিল। সরকারের দাবি, এই অধ্যাদেশ ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছিল এবং অনেকেই সার্টিফিকেটের জন্য আবেদন করছিলেন। জনমানসে স্বচ্ছতা বজায় রাখতেই এই আনুষ্ঠানিক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই পদক্ষেপ ঘিরে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। কংগ্রেসসহ বিরোধী দলগুলোর অভিযোগ, এই সিদ্ধান্ত বিজেপির সংখ্যালঘু বিরোধী মানসিকতার প্রতিফলন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনো সাংবিধানিক বৈধতা নেই। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ফাইলবন্দি থাকা এই ইস্যুটি বর্তমান সরকারের বাতিলের সিদ্ধান্তে নতুন করে চর্চায় উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *