বেঙ্গালুরুতে স্ত্রীর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্ত্রীকে খুনের অভিযোগ উঠল ইসরোর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে
বেঙ্গালুরুর বোম্মানাহল্লি এলাকার একটি ফ্ল্যাট থেকে সন্ধ্যা শ্রী নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তাঁর স্বামী, ইসরোর প্রাক্তন কর্মী নাগেশ ঈশ্বর রাওকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘকাল ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল। স্ত্রীকে হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের দাবি, অভিযুক্ত নাগেশ জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন যে তাঁর মৃত্যুর পর স্ত্রীর দেখাশোনা কে করবে এবং তাঁর ভবিষ্যৎ কী হবে, এই নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে ছিলেন। সেই মানসিক অস্থিরতা থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সময় ফ্ল্যাটে ওই দম্পতি ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না।
পুলিশ ইতিমধ্য়েই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। দম্পতির একমাত্র মেয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাঁকে ইতিমধ্যেই শোকসংবাদটি জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয়টি পুনরায় চর্চায় উঠে এসেছে।

