লেটেস্ট নিউজ

মুর্শিদাবাদে কবরের জমি নিয়ে বিবাদ, ভাইকে কুপিয়ে খুনের অভিযোগ

মুর্শিদাবাদের জলঙ্গি থানার ঘোষপাড়া পঞ্চায়েতের ফরাজিপাড়া এলাকায় কবরের জমি দখলকে কেন্দ্র করে চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে বুধবার বিকেলে খুড়তুতো ভাই আনোয়ার মণ্ডলের কোদালের কোপে প্রাণ হারান ৫৭ বছর বয়সী আব্দুস সালাম মণ্ডল। অভিযুক্ত আনোয়ার বর্তমানে পলাতক এবং পুলিশ তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসন যোজনার ঘর তৈরির জন্য পৈতৃক কবরের জায়গায় মাটি কাটছিলেন আনোয়ার। এই কাজে বাধা দিতে গেলে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার একপর্যায়ে আনোয়ার হাতের কাছে থাকা কোদাল দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

মৃতের পরিবার অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করতে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *