ট্রাফিক চালানের ফাঁদে লাখ লাখ টাকা গায়েব, গুরুগ্রাম থেকে মাস্টারমাইন্ডকে পাকড়াও করল কলকাতা পুলিশ – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা | ট্রাফিক আইন ভাঙার ভুয়া ‘ই-চালান’ পাঠিয়ে সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছিল একটি বড়সড় জালিয়াত চক্র। অবশেষে সেই চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের সাইবার সেল। হরিয়ানার গুরুগ্রাম থেকে দীপক কুমার (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই চক্রটি ইতিমধ্যেই সাধারণ মানুষের থেকে ৫.৪৩ লক্ষ টাকারও বেশি হাতিয়ে নিয়েছে।
যেভাবে চলত জালিয়াতির কারবার
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এই জালিয়াতরা সাধারণ মানুষের মোবাইলে একটি মেসেজ পাঠাত। সেখানে দাবি করা হতো যে, ট্রাফিক আইন ভাঙার কারণে তাদের গাড়ির নামে চালান কাটা হয়েছে। মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলেই মোবাইলে একটি ভুয়া ‘mParivahan’ APK ফাইল ইনস্টল হয়ে যেত। এর মাধ্যমেই জালিয়াতিরা ভুক্তভোগীর ফোনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিত এবং মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে ফেলত। কলকাতার এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এভাবেই ৬০ হাজার টাকা গায়েব হওয়ার পর লালবাজারে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশের জালে যেভাবে এল অভিযুক্ত
কেন্দ্রীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের (I4C) সহায়তায় সার্ভার এবং আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কলকাতা পুলিশ। তদন্তে দেখা যায়, গুরুগ্রামের একটি টেলিকম কো ম্পা নির আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই জালিয়াতি চালানো হচ্ছে। সেখান থেকেই উঠে আসে দীপক কুমারের নাম। গত মঙ্গলবার সন্ধ্যায় তাকে পাকড়াও করা হয়। জেরায় অসহযোগিতা এবং তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে কলকাতার আদালতে পেশ করা হয়। এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

