লেটেস্ট নিউজ

বুর্কা পরে স্বামীর পিছু নিলেন স্ত্রী, মাঝরাস্তায় চলল সপাটে চড়-থাপ্পড় – এবেলা

এবেলা ডেস্কঃ

স্কুল থেকে ফিরতেই রণচণ্ডী মূর্তি স্ত্রীর! উত্তরপ্রদেশের সীতাপুরে মাঝরাস্তায় স্বামীর কলার ধরে বেধড়ক মারধর এবং হাইভোল্টেজ ড্রামার সাক্ষী থাকল সাধারণ মানুষ। পেশায় শিক্ষক অজয় নাগর যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, তখন আচমকাই এক বুর্কা পরিহিত মহিলা তাঁর ওপর চড়াও হন। কিল, চড়, ঘুষির পাশাপাশি ভাঙা হয় গাড়ির কাঁচও। পরে বুর্কা সরতেই দেখা যায়, আক্রমণকারী অন্য কেউ নন, খোদ অজয়ের স্ত্রী।

দীর্ঘদিন ধরেই স্বামীর ওপর পরকীয়ার সন্দেহ ছিল স্ত্রীর। সেই সন্দেহের বশেই এদিন ছদ্মবেশে স্বামীর পিছু নিয়েছিলেন তিনি। মাঝরাস্তায় স্বামীকে বাগে পেতেই শুরু হয় তুলকালাম। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই ঝগড়ার জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। ঘটনায় স্বামীর মা এবং বোনও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। যদিও থানায় পৌঁছে আক্রান্ত স্বামী অজয় একে নিছকই ‘পারিবারিক বিবাদ’ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

ইন্দোরের সেই বিখ্যাত করওয়া চৌথের ঘটনার স্মৃতি ফের উসকে দিল সীতাপুরের এই কাণ্ড। সেবারও প্রেমিকার সঙ্গে শপিং করার সময় স্বামীকে হাতেনাতে ধরেছিলেন স্ত্রী। উত্তরপ্রদেশের এই সাম্প্রতিক ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *