টেক্সাসে হনুমান মূর্তিকে ‘ভিনগ্রহের প্রাণী’ বলে কটাক্ষ ট্রাম্পপন্থীর, ক্ষুব্ধ হিন্দু সমাজ
আমেরিকার টেক্সাসের সুগার ল্যান্ডে অবস্থিত শ্রীঅষ্টলক্ষ্মী মন্দিরে হনুমানের ৯০ ফুট উচ্চতার ‘স্ট্যাচু অফ ইউনিয়ন’ মূর্তিকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ম্যাগা আন্দোলনের কর্মী কার্লোস তুরসিওস এই মূর্তিকে ‘তৃতীয় বিশ্বের ভিনগ্রহের প্রাণী’ এবং আমেরিকার ওপর ‘দখলদারি’ বলে এক্স হ্যান্ডেলে মন্তব্য করেন। তাঁর এই বিতর্কিত ও বিদ্বেষমূলক মন্তব্যের পর সামাজিক মাধ্যমে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
২০২৪ সালে উন্মোচিত এই পঞ্চধাতুর মূর্তিটি আমেরিকার তৃতীয় উচ্চতম হিন্দু ধর্মীয় ভাস্কর্য, যা শক্তি ও ভক্তির প্রতীক হিসেবে পরিচিত। এর আগে আরেক রিপাবলিকান নেতা আলেকজান্ডার ডানকান একে ‘ভুয়া দেবতা’ বলে কটাক্ষ করেছিলেন। সমালোচকদের মতে, এই ধরনের মন্তব্য আমেরিকার বহুত্ববাদী সমাজ ও সংবিধানপ্রদত্ত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।
বিদ্বেষমূলক বার্তার বিপরীতে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। তাঁরা মনে করিয়ে দিয়েছেন যে, হিন্দুরা বা তাঁদের মন্দির পশ্চিমা সভ্যতার জন্য কোনো হুমকি নয়। প্রবাসে ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের এই দৃশ্যমান উপস্থিতি যখন একদল উগ্রপন্থীর ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন মন্দির কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে এই মূর্তি শান্তি ও ঐক্যের প্রতীক।

