আর্থিক কেলেঙ্কারিতে বিদ্ধ সোহম চক্রবর্তী, টাকা ফেরত না পেয়ে আদালতের দ্বারস্থ শাহিদ ইমাম
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম (শুভম) সোহমের বিরুদ্ধে প্রায় ৬৮ লক্ষ টাকা ঋণখেলাপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শাহিদের দাবি, ২০২১ সালে ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের খাতিরে তিনি এই বিপুল অর্থ ধার দিয়েছিলেন, যা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফেরত পাননি।
বারবার আশ্বাস দিয়েও টাকা না মেলায় বাধ্য হয়েই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন শাহিদ। প্রথমে চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। শাহিদের বক্তব্য অনুযায়ী, বিষয়টি নিয়ে বারবার আলোচনার মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও সোহমের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, যার ফলে তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
অন্যদিকে, সোহম চক্রবর্তী টাকা নেওয়ার বিষয়টি পুরোপুরি অস্বীকার না করলেও দাবি করেছেন যে, তিনি বিষয়টি মিটিয়ে ফেলতে চেয়েছিলেন। নির্বাচনের আগে তাঁর ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিতভাবে এই বিতর্ক তৈরি করা হচ্ছে বলেও তিনি পালটা অভিযোগ তুলেছেন। বর্তমানে তাঁর আইনজীবীরা পুরো বিষয়টি দেখছেন এবং শাহিদ আইনি পথে এগোলে তিনিও যথাযথ আইনি পদক্ষেপ নেবেন বলে স্পষ্ট জানিয়েছেন।

