প্রতীক উর রহমানের নিশানায় সেলিম, ‘সেটিং’ অভিযোগে বিদ্ধ সিপিএম নেতৃত্ব
সিপিএমের তরুণ নেতা প্রতীক উর রহমানের দলত্যাগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাম না করে মহম্মদ সেলিমকে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। প্রতীকের দাবি, দলের অন্দরে প্রশ্ন তুললেই কোণঠাসা করা হয় এবং নেতাদের শেখানো বুলি আওড়াতে বাধ্য করা হয়। তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তাঁর পাল্টা প্রশ্ন, ব্যক্তিগত স্তরে কথা বললে কেন তাকে ‘সেটিং’ তকমা দিয়ে কালিমালিপ্ত করা হবে?
প্রতীক অভিযোগ করেছেন, সিপিএমের মধ্যে প্রবল লবিবাজি চলে এবং তাঁকে পরিকল্পিতভাবে ব্রাত্য করে দেওয়া হয়েছে। তিনি প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের প্রশংসা করলেও মহম্মদ সেলিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতীক উরের সাফ কথা, তিনি কোনো উচ্চপদ বা টিকিটের লোভ করেননি, শুধুমাত্র প্রাপ্য সম্মানটুকুই চেয়েছিলেন। কিন্তু বারবার তাঁকে আসাম্মানিত হতে হয়েছে।
গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের মতো কঠিন কেন্দ্রে দলের প্রার্থী হয়েছিলেন প্রতীক উর রহমান। সিপিএমের একাংশ তাঁকে দলের সম্পদ মনে করলেও নেতৃত্বের সঙ্গে বিবাদে তাঁর এই সরে যাওয়া বাম শিবিরের জন্য বড় ধাক্কা। দলীয় টিকিট বা পদের চেয়েও সম্মানকে অগ্রাধিকার দিয়ে তিনি যে নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন, তা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু।

