হায়দ্রাবাদে প্রাক্তন স্ত্রীকে নৃশংস হত্যা আইটি কর্মীর, গ্রেফতার অভিযুক্ত
হায়দ্রাবাদে এক অন্তঃসত্ত্বা তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগে তাঁর প্রাক্তন স্বামী, এক আইটি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বছর আগে ডিভোর্স হওয়া সত্ত্বেও অভিযুক্ত যুবক নিয়মিত প্রাক্তন স্ত্রীর ওপর নজর রাখতেন। তরুণী দ্বিতীয়বার বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি তাঁর ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও গলায় উপর্যুপরি আঘাত করেন। পরিবারের দাবি, ঘটনার সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই তরুণী।
তদন্তে জানা গেছে, ২০২২ সালে বিয়ের পর তাঁরা কানাডায় থাকতেন। পরবর্তীতে অশান্তির জেরে তরুণী দেশে ফিরে গার্হস্থ্য হিংসার মামলা করলে অভিযুক্তর পাসপোর্ট বাতিল হয়। এর প্রতিশোধ নিতে এবং নিজের ক্যারিয়ার নষ্ট হওয়ার জন্য প্রাক্তন স্ত্রীকে দায়ী করে খুনের পরিকল্পনা করেন তিনি। ঘটনার সময় অভিযুক্ত নিজেকে বাঁচাতে ঘরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত পুলিশ তাঁকে নিয়ন্ত্রণে আনে।
পুলিশ অভিযুক্তের ব্যাগ থেকে দুটি ছুরি ও পাঁচ লিটার পেট্রল উদ্ধার করেছে। সিসিটিভি ফুটেজেও তাঁকে ব্যাগ হাতে অ্যাপার্টমেন্টে ঘুরতে দেখা গেছে। বর্তমানে ধৃতের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন। অভিযুক্ত যুবক স্থানীয় একটি হস্টেলে থেকে দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।

