লেটেস্ট নিউজ

বেলডাঙা কাণ্ড: কেস ডায়েরি হস্তান্তরে বিলম্ব, মুর্শিদাবাদ পুলিশকে ইমেল এনআইএ-র

মুর্শিদাবাদের বেলডাঙায় গত জানুয়ারি মাসের অশান্তির ঘটনায় কেস ডায়েরি হাতে পাওয়া নিয়ে তৈরি হয়েছে জটিলতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার এনআইএ গ্রহণ করলেও, মুর্শিদাবাদ পুলিশ এখনও প্রয়োজনীয় নথি হস্তান্তর করেনি বলে অভিযোগ। জাতীয় তদন্তকারী সংস্থার তরফে জেলা পুলিশকে ইমেল পাঠানো হলেও মেলেনি কোনো উত্তর।

ঝাড়খণ্ডে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে গত ১৬ ও ১৭ জানুয়ারি উত্তপ্ত হয়ে উঠেছিল বেলডাঙা। উত্তেজিত জনতার রেল ও পথ অবরোধ, ভাঙচুর এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার তদন্তে এনআইএ-র হস্তক্ষেপ নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন জানালেও আদালত তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি।

আদালত আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে এনআইএ-কে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ এবং তদন্তের অগ্রগতির জন্য এই নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে নির্ধারিত সময়সীমা কাছে আসলেও পুলিশি নিষ্ক্রিয়তায় তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে জেলা পুলিশের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে কেন্দ্রীয় সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *