এপস্টেইন কাণ্ড: যৌন কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু
বিতর্কিত জেফ্রি এপস্টেইন কাণ্ডে নাম জড়ানোর জেরে শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। বৃহস্পতিবার ভোরে পূর্ব ইংল্যান্ডের সান্ড্রিংহাম এস্টেট থেকে টেমস ভ্যালি পুলিশ তাঁকে হেফাজতে নেয়। দীর্ঘদিনের আইনি জটিলতা ও তদন্তের পর অবশেষে এই পদক্ষেপ করল ব্রিটিশ প্রশাসন।
যৌন হেনস্থা ও নাবালিকাদের সঙ্গে জোরপূর্বক লিপ্ত হওয়ার অভিযোগে দীর্ঘদিন ধরেই বিদ্ধ ছিলেন ৬৫ বছর বয়সী এই রাজপুত্র। ভার্জিনিয়া জিওফ্রের করা মামলায় তাঁর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে আগেই তাঁর রাজকীয় খেতাব ও সম্মাননা কেড়ে নিয়েছিলেন রাজা চার্লস। এমনকি তাঁকে বাকিংহাম প্রাসাদ ছাড়তেও বাধ্য করা হয়েছিল।
সাদা পোশাকের পুলিশ বাহিনী সান্ড্রিংহামের উড ফার্ম থেকে অ্যান্ড্রুকে গ্রেপ্তার করার পর বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের নিগ্রহের শিকার হওয়া ব্যক্তিদের প্রতি তাঁদের সমবেদনা রয়েছে। ভাইয়ের থাকার খরচ বহন করলেও অপরাধের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছেন বর্তমান ব্রিটিশ রাজা।

