কেরালা হাইকোর্টের নোটিস, চরম অনিশ্চয়তায় ‘দ্য কেরালা স্টোরি ২’-এর মুক্তি
বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি ২ – গোজ বিয়ন্ড’-এর মুক্তি স্থগিতের দাবিতে কেরালা হাইকোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার আদালত এই প্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, সেন্সর বোর্ড এবং ছবির প্রযোজককে নোটিস পাঠিয়েছে। জীববিজ্ঞানী শ্রীদেব নম্বূদিরি এই আবেদনটি করেছেন। তাঁর অভিযোগ, ছবির টিজারে কেরালাকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
আবেদনকারীর মতে, টিজারে রাজস্থান, মধ্যপ্রদেশ ও কেরালার তিন তরুণীর সন্ত্রাসবাদের ফাঁদে পড়ার গল্প দেখানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তকরণের মাধ্যমে দেশের জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। পিটিশনে বলা হয়েছে, ছবির শিরোনাম ও সংলাপ একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষকে কলঙ্কিত করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই পরিস্থিতিতে আদালতকে অনুরোধ করা হয়েছে যেন আগামী ২৭ ফেব্রুয়ারি নির্ধারিত ছবির মুক্তি স্থগিত রাখা হয়। আবেদনকারী বিকল্পভাবে কেন্দ্রীয় সরকারকে তাঁর দাখিল করা সংশোধন আবেদনটি দ্রুত বিবেচনা করার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছেন। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত ছবিটির প্রদর্শনী বন্ধ রাখার দাবিতে এখন নির্মাতাদের কপালে চিন্তার ভাঁজ।

