লেটেস্ট নিউজ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে ১০ শতাংশ ডিএ পাচ্ছেন বাংলার শিক্ষক ও শিক্ষাকর্মীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য দীর্ঘ অপেক্ষার পর এল বড় সুখবর। ২০২৪ সালে ঘোষণা হলেও প্রশাসনিক জটিলতায় আটকে থাকা ১০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ (DA) অবশেষে প্রদানের প্রক্রিয়া শুরু হচ্ছে। এই মর্মে স্কুল শিক্ষা দফতর থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা রাজ্যের সরকারি এবং সরকার-পোষিত স্কুল ও সংস্কৃত টোলের কর্মীদের মুখে হাসি ফুটিয়েছে।

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, গত এক বছর সাত মাস ধরে এই বর্ধিত ভাতা পাওয়ার কথা থাকলেও অর্থ দফতরের চূড়ান্ত অনুমোদনের অভাবে প্রক্রিয়াটি থমকে ছিল। সম্প্রতি অর্থ দফতর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র মিলতেই তড়িঘড়ি নির্দেশিকা জারি করা হল।

নতুন এই নির্দেশিকা অনুযায়ী, রোপা-২০০৯ (ROPA-2009) কাঠামো ভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল, ২০২৪ সালের এপ্রিল মাস থেকে বকেয়া হিসেবে এই মহার্ঘ ভাতা যোগ হবে তাঁদের অ্যাকাউন্টে। অর্থাৎ, বর্তমান মাসের বেতনের পাশাপাশি গত কয়েকমাসের বকেয়া বা এরিয়ার (Arrear) টাকাও একসাথে পাওয়ার পথ প্রশস্ত হলো।

প্রশাসনের এই সিদ্ধান্তে স্বস্তিতে রাজ্যের শিক্ষা মহল। দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনগুলো এই বকেয়া ডিএ-র দাবিতে সরব ছিল। শিক্ষা দফতরের এই পদক্ষেপের ফলে কয়েক লক্ষ পরিবার সরাসরি উপকৃত হতে চলেছে। অর্থবর্ষের এই সময়ে বকেয়া টাকা হাতে আসায় স্বাভাবিকভাবেই খুশি কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *