ভোটার তালিকা সংশোধনে বাদ ৬৩ লক্ষ নাম, সময়সীমা বৃদ্ধি নিয়ে জল্পনা
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পর্যাপ্ত নথি না থাকায় এখনও পর্যন্ত প্রায় ৬৩ লক্ষ ভোটারের নাম অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে নতুন করে যুক্ত হয়েছে আরও ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জনের নাম। বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ায় এবং যাচাইকরণ প্রক্রিয়া বাকি থাকায় নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের ভাগ্য অনিশ্চিত হয়ে রয়েছে। তথ্য অনুযায়ী, শুনানিতে অনুপস্থিত ৫ লক্ষ ভোটার ছাড়াও জেলাশাসকদের ভেরিফিকেশন এবং ইআরও-দের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে বিশাল সংখ্যক আবেদন। এছাড়া ‘টু বি রিভিউড’ পর্যায়ে আটকে আছে প্রায় ৩০ লক্ষ ভোটারের তথ্য। ২১ ফেব্রুয়ারির মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করা নিয়ে জেলা নির্বাচন আধিকারিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
রাজ্যের বাইরে ভেরিফিকেশনের জন্য পাঠানো প্রায় ১ লক্ষ ভোটারের নথি এখনও ফেরত না আসায় ধন্দ তৈরি হয়েছে। তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল আশ্বস্ত করেছেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি জানান, রাজ্যের অভ্যন্তরীণ ভেরিফিকেশন প্রায় শেষ এবং বাইরের নথিগুলোও দ্রুত চলে আসবে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে জাতীয় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

