লেটেস্ট নিউজ

ছেলেধরা গুজবে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা, ৯ বছর পর দোষী সাব্যস্ত ২৫ জন

২০১৭ সালে হুগলির বলাগড় থানার আসানপুর গ্রামে ছেলেধরা গুজবে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় ২৫ জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত। পরিচারিকার খোঁজে গ্রামে আসা রঞ্জুবালা ঘোষ ও তাঁর মেয়ে অপর্ণার গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরাও; এমনকি এক সিভিক ভলান্টিয়ার তিরবিদ্ধ হন।

পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলায় দীর্ঘ তদন্তের পর মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন বিচারক। তদন্তকারী আধিকারিক অলোককুমার চট্টোপাধ্যায় ঘটনার পাঁচ মাসের মধ্যেই চার্জশিট জমা দিয়েছিলেন। অভিযুক্তদের মধ্যে ৫ জন মহিলাও রয়েছেন। বৃহস্পতিবার চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক পীযূষকান্তি রায় অভিযুক্ত ২৫ জনকেই দোষী সাব্যস্ত করেন।

সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি এই রায়কে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে, যেখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আগামীকাল আদালত সাজা ঘোষণা করবে। স্মরণকালের মধ্যে একই মামলায় এত বিপুল সংখ্যক মানুষ দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা বিরল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *