লেটেস্ট নিউজ

বিয়ের কয়েক মাসেই ভাঙন, কেন নিজেকে ‘বস্তির মেয়ে নই’ বললেন গায়িকা দেবলীনা নন্দী – এবেলা

এবেলা ডেস্কঃ

আড়ম্বরপূর্ণ বিয়ে, রূপকথার মতো শুরু— কিন্তু কয়েক মাস যেতে না যেতেই গায়িকা দেবলীনা নন্দীর জীবনে নেমে এল চরম অশান্তি। স্বামী প্রবাহ নন্দী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে ইতিমধ্য়েই সোনারপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেবলীনাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় মামলা রুজু হওয়ার পর পুলিশি হস্তক্ষেপে নিজের গয়না ও আসবাবপত্র ফেরত পেয়েছেন গায়িকা। তবে সামাজিক মাধ্যমে তাঁকে নিয়ে শুরু হয়েছে কুরুচিকর চর্চা। বিশেষ করে তাঁর পারিবারিক পটভূমি ও খোরপোশ দাবি করা নিয়ে নেটিজেনদের একাংশ তাঁকে ‘বস্তির মেয়ে’ বলে কটাক্ষ করতেও ছাড়েননি।

এই সমালোচনার কড়া জবাব দিয়ে দেবলীনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই—আমি বস্তির মেয়ে নই। ভবানীপুরের মতো জায়গায় আমার বাবাদের নিজস্ব বাড়ি ছিল।” তবে তিনি এও মনে করিয়ে দিয়েছেন যে, বস্তি থেকে আসা মানেই আসাম্মান নয়, কারণ শিল্পীর কোনও শ্রেণি হয় না।

নিজের যন্ত্রণার কথা শেয়ার করে তিনি আরও জানান, ভালোবেসে অনেক অত্যাচার সহ্য করেছেন তিনি। এমনকি তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও দুই মাস অপেক্ষা করেছিলেন যদি পরিস্থিতির উন্নতি হয়। কিন্তু শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের পথই বেছে নিতে বাধ্য হলেন এই গায়িকা। বর্তমানে একটি নতুন ফ্ল্যাট কিনে আলাদা থাকছেন তিনি, যা তাঁদের বিচ্ছেদের জল্পনাকে আরও উসকে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *