লেটেস্ট নিউজ

শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক কাইজার, সুপারি কিলার ভাড়া করার অভিযোগে তোলপাড় ভাঙড় – এবেলা

এবেলা ডেস্কঃ

ভাঙড়ের রাজনীতিতে ফের বড়সড় বিস্ফোরণ। এবার নিজেরই দলের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। তাঁর দাবি, তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দিতে মেদিনীপুর থেকে পেশাদার ‘সুপারি কিলার’ ভাড়া করে এনেছেন শওকত। এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ইতিপূর্বেই ভাঙড় থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

কাইজার আহমেদের দাবি অনুযায়ী, গত এক মাস ধরেই তাঁকে হত্যার ছক কষা হচ্ছে। এর আগে একদল ভাড়াটে খুনি এলেও চিনতে না পারায় তারা ফিরে যায়। তবে এবার নতুন করে আরও একদল সুপারি কিলারকে কাজে লাগানো হয়েছে। কাইজারের কথায়, “যাঁদের ভাড়া করা হয়েছে তাঁদের বাড়ি মেদিনীপুরে। খুনিদের দলেরই একজন আমাকে এই তথ্য দিয়েছেন।”

বিস্ফোরক এই অভিযোগ কেবল থানাতেই সীমাবদ্ধ রাখেননি কাইজার। তিনি লালবাজারের বিভিন্ন তদন্তকারী সংস্থা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ইমেইল মারফত পুরো বিষয়টি জানিয়েছেন।

অন্যদিকে, কাইজার আহমেদের এই অভিযোগকে পাত্তাই দিতে নারাজ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এই বিষয়ে পাল্টা কোনও মন্তব্য না করে তিনি সাফ জানিয়েছেন, যা বলার দল বলবে। তবে নির্বাচনের আগে ভাঙড়ের দুই নেতার এই সংঘাত তৃণমূলের অন্দরে চরম অস্বস্তি তৈরি করেছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *