ফতেহপুরে বিয়ের মণ্ডপে তুলকালাম: প্রেমিককে পেতে বিষপানের হুমকি কনের, ফিরে গেল বারাত – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের ফতেহপুরের আউং থানা এলাকায় বিয়ের আসরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। বিন্দকি থেকে আসা বরযাত্রীদের উপস্থিতিতে মালাবদল সম্পন্ন হলেও, সাতপাকের আগে হঠাৎ বিয়েতে আসাম্মতি জানান কনে। তিনি সাফ জানিয়ে দেন যে, প্রতিবেশীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে এবং জোর করে বিয়ে দিলে তিনি বিষপান করে আত্মঘাতী হবেন। কনের এমন অনড় অবস্থানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
উদ্ভূত পরিস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বরপক্ষ কনে ছাড়াই খালি হাতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পুলিশ জানায়, উভয় পক্ষই প্রাপ্তবয়স্ক এবং বিষয়টি সম্পূর্ণভাবে একটি প্রেমঘটিত ব্যাপার। স্থানীয় থানা এবং পরিবারের সদস্যদের মধ্যস্থতায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করা হয়েছে। শেষ পর্যন্ত পরিবারের সম্মতিতে কনেকে তাঁর প্রেমিকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং আইনি জটিলতা ছাড়াই ঝামেলার অবসান ঘটে।

