বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা
ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ তথা কলকাতায় বিশেষ প্রভাব পড়ার আশঙ্কা নেই বললেই চলে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হলেও রাজ্যের শুষ্ক আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি। আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এবং উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার অভাবে শীতের আমেজ ক্রমেই ফিকে হয়ে আসবে।
শীতপ্রেমীদের নিরাশ করে চলতি সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার ফলে দিনের বেলায় রোদের তেজ বাড়বে এবং শীত কার্যত বিদায় নেবে। উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার উপস্থিতির কারণেই রাজ্যে শীতের প্রভাব কমে গরম অনুভূত হতে শুরু করবে।

