লেটেস্ট নিউজ

বেকারদের লাইনে দাঁড় করিয়ে অপমান করা হচ্ছে, রাজ্যকে কড়া আক্রমণ অধীরের

রাজ্য সরকারের নতুন ‘বাংলার যুবসাথী’ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের পঞ্চায়েত বা পুরসভা কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড় করিয়ে রাখার প্রক্রিয়ায় ঘোর আপত্তি জানিয়েছেন তিনি। ডিজিটাল যুগেও কেন এই কাজ অনলাইনে করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই প্রবীণ নেতা।

অধীর চৌধুরীর অভিযোগ, অভাবের তাড়নায় শিক্ষিত তরুণ-তরুণীদের এভাবে লাইনে দাঁড় করিয়ে রাখা তাঁদের আত্মসম্মানে আঘাত করছে। তাঁর দাবি, সরকার যদি সত্যিই বেকারদের সহায়তা করতে চায়, তবে পুরো প্রক্রিয়াটি অবিলম্বে স্বচ্ছ ও অনলাইন করা উচিত। এভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রাখাকে তিনি বেকার যুবসমাজের ‘অপমান’ হিসেবেই দেখছেন।

পাশাপাশি, ২০১৩ সালে চালু হওয়া ‘যুবশ্রী’ প্রকল্প থাকা সত্ত্বেও কেন নতুন করে ‘যুবসাথী’ চালু করা হলো, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এই দুই প্রকল্পের মৌলিক পার্থক্য কোথায়, মুখ্যমন্ত্রীকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে বলে দাবি জানান অধীর। রাজনৈতিক উদ্দেশ্যে এই হয়রানি না করে প্রক্রিয়াটি সরল করার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *