উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাঝপথে প্রেমিকের সঙ্গে উধাও ছাত্রী, চাঞ্চল্য
পশ্চিম মেদিনীপুরের সবংয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে মামার সঙ্গে চাঁদকুড়ি হাই স্কুলে পরীক্ষা দিতে এসেও কেন্দ্রে প্রবেশ করেনি ওই ছাত্রী। পরীক্ষা শেষে নির্দিষ্ট সময়ে মামা তাকে নিতে এলে দেখা যায়, সব পরীক্ষার্থী বেরিয়ে এলেও তাঁর ভাগ্নির কোনো হদিস নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, ওই ছাত্রী পরীক্ষা দিতেই বসেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল পোশাক পরিহিত অবস্থায় এক যুবকের সঙ্গে ওই ছাত্রীকে চলে যেতে দেখেছেন অনেকে। পরিবারের দাবি, প্রেমের টানেই ওই ছাত্রী ঘর ছেড়েছে। চাঞ্চল্যকর তথ্য হলো, এর আগেও একবার ওই তরুণী একই যুবকের সঙ্গে পালিয়েছিলেন। সেবার বুঝিয়ে-সুজিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে এনে পুনরায় পড়াশোনায় ভর্তি করা হয়েছিল। কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় দুশ্চিন্তায় পড়েছেন পরিজনেরা।
বর্তমানে ওই ছাত্রী কোথায় এবং কী অবস্থায় রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। যদিও এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মেয়েকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন পরিবারের সদস্যরা। স্কুল চত্বর থেকে পরীক্ষার্থীর এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং ছাত্রীর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।

