লেটেস্ট নিউজ

বাবরের নামে মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

মুর্শিদাবাদের বেলডাঙায় বিধায়ক হুমায়ুন কবীরের উদ্যোগে ‘বাবরি মসজিদ’ নির্মাণের কাজ বন্ধের দাবিতে দায়ের করা জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহেতার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত আবেদন শুনতে অস্বীকার করে। শীর্ষ আদালতের কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত আবেদনকারী নিজের মামলাটি প্রত্যাহার করে নিতে বাধ্য হন।

আবেদনকারীর আইনজীবী আদালতে যুক্তি দিয়েছিলেন যে, হিন্দুবিদ্বেষী হিসেবে পরিচিত বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য নির্মাণ করা উচিত নয়। সম্প্রতি বেলডাঙায় এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ শুরু হওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। মামলাকারীর পক্ষ থেকে অবিলম্বে এই কাজ বন্ধ করার জন্য আদালতের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় নির্দেশ জারির আর্জি জানানো হয়েছিল।

তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর গত ৬ ডিসেম্বর এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। গত ১১ ফেব্রুয়ারি থেকে পুরোদমে নির্মাণ কাজ শুরু হয়েছে, যা আগামী দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। সুপ্রিম কোর্ট এই ইস্যুতে হস্তক্ষেপ করতে না চাওয়ায় বর্তমানে বেলডাঙায় মসজিদ নির্মাণের পথে আর কোনো আইনি বাধা রইল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *