বাংলাদেশে মেসুট ওজিলের কনভয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন বিশ্বকাপজয়ী ফুটবলার
বাংলাদেশে সফররত জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওজিল ও তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় তাদের কনভয়ের একটি গাড়ির সঙ্গে একটি টোটোর সংঘর্ষ হয়। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তবে ওজিল এবং বিলাল সম্পূর্ণ সুরক্ষিত আছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ হাইওয়েতে আচমকা একটি টোটো উঠে পড়লে কনভয়ে থাকা একটি পুলিশের গাড়ির সঙ্গে সেটির সংঘর্ষ হয়। ওজিল ও বিলালের গাড়িটি সামনের সারিতে থাকায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনায় টোটো চালক গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর ওজিলসহ ১৩ সদস্যের প্রতিনিধিদলটি বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এই ঘটনার পর ভিভিআইপি কনভয় জোনের নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। শাহপুরী হাইওয়ে থানার ওসি জানিয়েছেন, ঘাতক টোটোটিকে জব্দ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। কীভাবে হাইওয়েতে নিরাপত্তার বলয় ভেঙে টোটোটি ঢুকে পড়ল, তা খতিয়ে দেখছে পুলিশ। ফুটবল তারকার এই সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকলেও এমন দুর্ঘটনা স্থানীয় মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

