হাইকোর্টের কড়া নির্দেশে মিলল সুরাহা, অবশেষে অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পর অবশেষে ময়নার বাগচায় প্রায় ৭ হাজার ২০ জন উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া টাকা ঢুকতে শুরু করেছে। অভিযোগ ছিল, বিজেপি শাসিত এই গ্রাম পঞ্চায়েতে গত বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত টানা ছয় মাস সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ ছিল। এই দীর্ঘসূত্রিতা এবং বকেয়া টাকা পরিশোধের প্রক্রিয়া নিয়ে শুক্রবার রাজ্যের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ।
আদালত স্পষ্টভাবে জানতে চেয়েছে, কেন নির্দিষ্ট একটি এলাকায় এতদিন এই প্রকল্পের সুবিধা বন্ধ রাখা হয়েছিল এবং সুবিধাভোগীরা কীভাবে তাদের প্রাপ্য অর্থ ফিরে পাবেন। এই মামলার পরবর্তী শুনানি ও সরকারি রিপোর্টের ওপর নির্ভর করছে কয়েক হাজার মহিলার আর্থিক অধিকার নিশ্চিত করার বিষয়টি। হাইকোর্টের এই কড়া অবস্থানের ফলে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বঞ্চিত উপভোক্তাদের মনে আশার আলো দেখা দিয়েছে।

