প্রতীক উর ইস্যুতে অস্বস্তিতে আলিমুদ্দিন, বিদ্রোহী যুবনেতার পাশে বাম শরিকরা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202610:57 am
বাম ছাত্র-যুব আন্দোলনের পরিচিত মুখ প্রতীক উরের সাম্প্রতিক বিদ্রোহে সিপিএমের অন্দরে অস্বস্তি বেড়েছে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে নিশানা করে প্রতীক অভিযোগ করেছেন যে, তাঁকে দীর্ঘক্ষণ কোণঠাসা করে রাখা হয়েছিল এবং তাঁর অভাব-অভিযোগ শোনার মতো সময় নেতৃত্বের ছিল না। এই ইস্যুতে আলিমুদ্দিন যখন ব্যাকফুটে, তখন শরিক দলগুলোর যুব সংগঠনগুলি কার্যত প্রতীকের পক্ষেই সওয়াল করছে।
বামফ্রন্টের শরিক দল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন ‘যুবলিগ’-এর রাজ্য সম্পাদক স্বরূপ দেব প্রতীকের পাশে দাঁড়িয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, সিপিএমের আপত্তি থাকলে প্রতীক উরকে সসম্মানে ফরওয়ার্ড ব্লকে স্বাগত জানানো হবে। তিনি মনে করেন, প্রতীকের মতো সম্পদকে ধরে রাখতে না পারা নেতৃত্বের ব্যর্থতা। একইভাবে সিপিআই নেতা সৈকত গিরি এবং আরএসপি-র রাজীব বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়েছেন।
শরিক দলগুলোর এমন অবস্থানে স্বাভাবিকভাবেই চাপে পড়েছে সিপিএম নেতৃত্ব। যেখানে বাম ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, সেখানে শরিক নেতারাই প্রকাশ্যেই প্রতীকের প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখাচ্ছেন। এই ঘটনাপ্রবাহে আলিমুদ্দিনের রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রতীক উর শেষ পর্যন্ত কোন পথে হাঁটেন এবং সিপিএম নেতৃত্ব কীভাবে এই ড্যামেজ কন্ট্রোল করে, এখন সেটাই দেখার।

