ভোটকর্মীদের রসনাতৃপ্তিতে এলাহি আয়োজন, পূর্ব বর্ধমানে ৪৯ পদের বিশাল মেনু ও টেন্ডার ঘোষণা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202610:52 am
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটকর্মীদের খাবারের মান উন্নত করতে নজিরবিহীন উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। অতীতে খাবারের গুণমান নিয়ে কর্মীদের অসন্তোষ দূর করতে এবার জেলাশাসকের দপ্তরের নেজারত সেকশন থেকে বিশেষ দরপত্র বা টেন্ডার আহ্বান করা হয়েছে। টিফিন, লাঞ্চ এবং ডিনারের জন্য মোট ৪৯টি বিচিত্র পদের তালিকা প্রস্তুত করা হয়েছে, যা সাধারণত বড় রেস্তোরাঁ বা হোটেলেও বিরল।
মেনু তালিকায় বাঙালি পদের পাশাপাশি চাইনিজ, কন্টিনেন্টাল, দক্ষিণ ভারতীয় এবং গুজরাটি খাবারের সমাহার রয়েছে। টিফিনে মোমো, ধোসা ও এগরোলের মতো ১৯টি পদ এবং মধ্যাহ্নভোজ ও রাতের খাবারে চিকেন-মাটন বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইসসহ ৩০টি পদের উল্লেখ রয়েছে। মাছের ঝোল থেকে শুরু করে মাশরুম কারি বা বাটার চিকেন—কর্মীদের রসনাতৃপ্তিতে কোনও খামতি রাখছে না প্রশাসন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকা প্রকাশের পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হবে এবং প্রশিক্ষণ শুরু হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, বুথে কর্মরতদের নির্দিষ্ট ভাতা দেওয়া হয়, তবে অন্যান্য নির্বাচনী কর্মীদের জন্য এই খাবারের ব্যবস্থা থাকবে। যে হারে এই খাবার সরবরাহ করা হবে, সেই অনুযায়ী বুথকর্মীদের ভাতাও নির্ধারিত হবে। স্বচ্ছতা বজায় রাখতে নিয়ম মেনেই দ্রুত বরাত দেওয়া হবে।

