লেটেস্ট নিউজ

লেবাননে ইজ়রায়েলি বিমানহানা, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে নিহত ১২

লেবাননের বেকা উপত্যকায় শুক্রবার গভীর রাতে ইজ়রায়েলি বিমানহানায় অন্তত ১২ জন নিহত এবং ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে, ইজ়রায়েলি বাহিনী বালবেক এলাকায় হিজ়বুল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায়। লেবানন সেনার দাবি, এই অভিযানে সশস্ত্র গোষ্ঠীটির এক প্রথম সারির নেতা নিহত হয়েছেন।

তেল আভিভ এই হামলার কথা স্বীকার করে জানিয়েছে, তারা ইরানের মদতপুষ্ট হিজ়বুল্লার কমান্ড সেন্টারকে নিশানা করেছিল। তবে এই ঘটনায় গত বছর আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় হওয়া সংঘর্ষবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘিত হয়েছে। চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের আক্রমণ বন্ধ রাখার কথা থাকলেও ইজ়রায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

রাষ্ট্রপুঞ্জ ও লেবানন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষবিরতির পর থেকে ইজ়রায়েলি হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে ইজ়রায়েলি সেনা দক্ষিণ লেবাননের পাঁচটি কৌশলগত অবস্থান দখল করে রেখেছে। পশ্চিম এশিয়ায় আমেরিকার নৌবহর মোতায়েন এবং এই নতুন করে শুরু হওয়া সামরিক সংঘাত ওই অঞ্চলে বড় ধরনের অশান্তির আশঙ্কা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *