লেটেস্ট নিউজ

অবৈধ নির্মাণে পুরসভার কড়া পদক্ষেপ, দু’বছরে ভাঙা পড়ল ৮৫০টি বেআইনি বহুতল

বেআইনি নির্মাণ রুখতে কঠোর অবস্থান নিয়েছে কলকাতা পুরসভা। গত দুই বছরে শহরজুড়ে মোট ৮৫০টি অবৈধ নির্মাণ ভেঙে ফেলেছে পুরসভার বিল্ডিং বিভাগ। মূলত ২০২৪ সালে কলকাতা বন্দর এলাকায় একটি নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে পড়ার ঘটনার পর থেকেই মেয়র ফিরহাদ হাকিম ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের নির্দেশ দেন। সেই বিপর্যয়ে ১৩ জনের মৃত্যু হওয়ায় নড়েচড়ে বসে প্রশাসন।

পুরসভা সূত্রে খবর, নিয়ম না মেনে তৈরি হওয়া কাঠামোর বিরুদ্ধে ১৪৪টি ওয়ার্ডেই বিশেষ অভিযান চালানো হয়েছে। ‘টক টু মেয়র’ কর্মসূচিতে জমা পড়া অসংখ্য অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়। তবে সব ক্ষেত্রে ভাঙার পথে হাঁটেনি পুরসভা। নকশায় সামান্য বিচ্যুতি থাকা ৭১০টি নির্মাণকে নির্দিষ্ট জরিমানার বিনিময়ে বৈধ বা ‘রেগুলারাইজ’ করা হয়েছে, যা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক বলে মনে করা হচ্ছে।

শহরের নিরাপত্তা ও পরিকাঠামো বজায় রাখতে এই নজরদারি জারি থাকবে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা। নিয়মনীতি তোয়াক্কা না করে নির্মাণের ফলে অতীতে ঘটা একাধিক দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়েই এই কঠোর ব্যবস্থা। ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ নির্মাণ কমাতে এবং সাধারণ মানুষকে আইন মেনে বাড়ি তৈরিতে উৎসাহিত করতে পুরসভা নিয়মিত অভিযান ও আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *