বেহালা পশ্চিমে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়, ভোটে লড়া নিয়ে সিদ্ধান্ত ছাড়লেন দলের ওপর
দীর্ঘ তিন বছর তিন মাস জেলবন্দি থাকার পর অবশেষে নিজের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পা রাখলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার দুপুরে নাকতলার আবাসন থেকে বের হয়ে তিনি ম্যান্টনে নিজের বিধায়ক কার্যালয়ে পৌঁছান এবং অনুগামীদের সঙ্গে কথা বলেন। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর এই প্রথম তিনি নিজের এলাকায় জনসমক্ষে এলেন।
আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে পাঁচবারের এই বিধায়ক জানান, দল টিকিট দেবে কি না সেই সিদ্ধান্ত নেতৃত্বই নেবেন। বর্তমানে দল থেকে সাময়িকভাবে বহিষ্কৃত থাকলেও তিনি নিজেকে দলের অনুগত সৈনিক হিসেবেই দাবি করেছেন। তবে এদিন তাঁর কর্মসূচিতে স্থানীয় তৃণমূল কাউন্সিলরদের অনুপস্থিতি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
এলাকা পরিদর্শনের সময় আবেগপ্রবণ পার্থ জানান, বেহালা পশ্চিমের মানুষের প্রতি তিনি চিরকাল কৃতজ্ঞ থাকবেন। অনুগামীদের সঙ্গে চা পানের পর তিনি গাড়ি নিয়ে বিধানসভা এলাকা ঘুরে দেখেন। শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আবহে ভোটারদের ধন্যবাদ জানাতেই তাঁর এই সফর বলে তিনি উল্লেখ করেন।

