কাজের চাপে শ্রীরামপুরে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিলেন বিএলও
হুগলির শ্রীরামপুরে মাঝ গঙ্গায় যাত্রীবোঝাই লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ শ্রীরামপুর থেকে ব্যারাকপুরগামী লঞ্চে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম মহম্মদ কায়ামুদ্দিন। তিনি টিটাগড়ের বাসিন্দা এবং পেশায় কাঁচড়াপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
তদন্তে জানা গিয়েছে, বর্তমানে তিনি এসআইআর-এর কাজে বিএলও হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, লঞ্চটি মাঝ গঙ্গায় পৌঁছালে নিজের মোবাইল ফোন ও নথিপত্র ভর্তি ব্যাগ রেখে তিনি আচমকা নদীতে ঝাঁপ দেন। পুলিশ উদ্ধার করে তাঁকে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে গিয়ে তিনি দীর্ঘ দিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, নির্বাচন দফতরের আধিকারিকদের কাজের সমস্যার কথা জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। এসআইআর-এর তীব্র মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম পদক্ষেপ নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে এবং ওই বিএলও-র শারীরিক অবস্থার ওপর নজর রাখা হচ্ছে।

