অজিত পওয়ারের বিমান দুর্ঘটনা: তদন্তে প্রভাব খাটানোর অভিযোগে মোদির দ্বারস্থ রোহিত
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তাঁর ভাইপো তথা এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) বিধায়ক রোহিত পওয়ার। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, দুর্ঘটনাকবলিত বিমানটির অপারেটর সংস্থা ‘ভিএসআর ভেঞ্চারস’-এর সঙ্গে বিজেপির প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। এই রাজনৈতিক প্রভাবের কারণে গোটা তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ ও সুবিচার প্রার্থনা করেছেন তিনি।
রোহিত পওয়ার তদন্তে একাধিক অনিয়মের অভিযোগ তুলে জানান, নিয়ম অনুযায়ী ককপিট ভয়েস রেকর্ডারের (সিভিআর) ক্ষমতা ২ ঘণ্টা হওয়া উচিত থাকলেও ওই বিমানে তা ছিল মাত্র ৩০ মিনিট। নিয়ম লঙ্ঘন করা সত্ত্বেও কীভাবে বিমানটি নিবন্ধিত হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এছাড়াও, বিমানের ভেতরে অতিরিক্ত পেট্রোলের ক্যান রাখার ফলে অগ্নিকাণ্ডের ভয়াবহতা বেড়েছে বলে তাঁর দাবি। ব্ল্যাক বক্স ক্ষতিগ্রস্ত হওয়ার তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি একে তথ্য গোপনের চেষ্টা হিসেবে দেখছেন।
তদন্তকারী সংস্থা এএআইবি জানিয়েছে, অত্যাধিক তাপ ও আগুনের কারণে ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার ও ভয়েস রেকর্ডার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৮ জানুয়ারি মুম্বই থেকে বারামতী যাওয়ার পথে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ঠিক আগে বিমানের গতি ও উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল। বর্তমানে এই ঘটনার নেপথ্যে বাণিজ্যিক গাফিলতি নাকি রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখার দাবি জোরালো হচ্ছে।

