লেটেস্ট নিউজ

শীর্ষ আদালতে ট্রাম্পের শুল্কনীতি অবৈধ ঘোষণা, নেপথ্যে ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাটিয়াল

আমেরিকার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতসহ বিভিন্ন দেশের ওপর তাঁর আরোপিত অতিরিক্ত আমদানি শুল্ককে শুক্রবার ‘বেআইনি’ ও ‘অসাংবিধানিক’ ঘোষণা করেছে শীর্ষ আদালত। ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকনমিক পাওয়ার্স অ্যাক্ট’ ব্যবহার করে ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছিলেন, তা রাষ্ট্রপতির এক্তিয়ার বহির্ভূত বলে রায়ে জানানো হয়েছে। আদালত স্পষ্ট করেছে যে, কংগ্রেসের অনুমোদন ছাড়া একক সিদ্ধান্তে এমন কর আরোপ করা যায় না।

প্রেসিডেন্টের এই বিতর্কিত নীতির বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রধান মুখ হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাটিয়াল। ছোট ব্যবসায়ীদের একটি গোষ্ঠীর হয়ে সওয়াল করে তিনি প্রমাণ করেন যে, জরুরি অবস্থার আইন ব্যবহার করে সাধারণ সময়ে শুল্ক বাড়ানো সংবিধানের পরিপন্থী। শিকাগোর ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান নীল ইয়েল ল’ স্কুলের প্রাক্তনী এবং বারাক ওবামা প্রশাসনের প্রাক্তন ভারপ্রাপ্ত সলিসিটর জেনারেল। তাঁর ক্ষুরধার যুক্তিতেই শেষ পর্যন্ত পরাজিত হয়েছে ট্রাম্প প্রশাসন।

রায়ের পর নীল কাটিয়াল জানান, এই জয় সংবিধানের মৌলিক কাঠামো এবং ক্ষমতার বিভাজন রক্ষার জয়। বর্তমানে জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ও খ্যাতনামা আইনজীবী নীল ইতিপূর্বে জর্জ ফ্লয়েড হত্যা মামলাতেও বিশেষ সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। মার্কিন বিচার বিভাগের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘এডমুন্ড র‍্যান্ডলফ অ্যাওয়ার্ড’ জয়ী এই আইনজীবী মনে করেন, এই রায় স্পষ্ট করে দিল যে আমেরিকায় সংবিধান ও আইনের শাসন যেকোনো শক্তিশালী ব্যক্তির ঊর্ধ্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *