মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন ট্রাম্পের শুল্ক নীতি, পরিস্থিতি পর্যালোচনায় মোদি সরকার
ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত শুল্ক নীতিকে বেআইনি ঘোষণা করে তা খারিজ করে দিয়েছে আমেরিকার সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, ১৯৭৭ সালের জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অপব্যবহার করে কংগ্রেসের অনুমতি ছাড়াই এই অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন প্রেসিডেন্ট, যা তাঁর এক্তিয়ার বহির্ভূত। আদালতের এই রায়ের ফলে ভারতসহ বিভিন্ন দেশের ওপর আরোপিত চড়া শুল্ক সড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বিশ্ব বাণিজ্যে বড়সড় মোড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
মার্কিন আদালতের এই ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে ‘নোট’ করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক শনিবার জানিয়েছে, তারা আদালতের রায়ের পাশাপাশি ট্রাম্পের পরবর্তী হুঁশিয়ারিগুলোও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে আদালতের রায়ের পর ট্রাম্প যে ১০ শতাংশ অতিরিক্ত আন্তর্জাতিক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, তার প্রভাব ভারতের ওপর কতটা পড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে কোনো পরিবর্তন আসবে কি না, তা খতিয় দেখা হচ্ছে।
এদিকে আদালতের রায়কে হতাশাজনক বলে আখ্যা দিলেও পিছু হটতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, সংগৃহীত বিপুল পরিমাণ শুল্কের অর্থ ফেরত দেওয়ার প্রশ্ন উঠলে দীর্ঘ আইনি লড়াই চলবে। তবে ভারতের সঙ্গে হতে চলা বাণিজ্য চুক্তি বাতিল হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। অন্যদিকে, ট্রাম্পের এই অনমনীয় মনোভাবের প্রেক্ষিতে ভারত সরকার দেশের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় সবরকম আইনি ও কূটনৈতিক দিক খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

