রাজস্থানে স্কুলের ব্ল্যাকবোর্ড ভেঙে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু
রাজস্থানের জালোর জেলার এক বেসরকারি স্কুলে ব্ল্যাকবোর্ড চাপা পড়ে প্রাণ হারাল দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী। শুক্রবার বিকেলে টিফিন চলাকালীন সহপাঠীদের সঙ্গে খেলা করার সময় আচমকাই সিমেন্ট ও ফাইবারের তৈরি ভারী ব্ল্যাকবোর্ডটি দেওয়ালের অংশসহ ওই খুদের ওপর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছ’বছর আগে নির্মিত ‘মরুধার শিক্ষা সংস্থা’ নামক ওই স্কুলটির পরিকাঠামো অত্যন্ত নিম্নমানের ছিল। এই দুর্ঘটনার পরেই স্কুলের ভবন নির্মাণ এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমিধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।
উল্লেখ্য, রাজস্থানে স্কুল ভবন ধসে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগে ঝালাওয়াড় জেলাতেও ছাদ ভেঙে একাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছিল। বারবার এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতি এবং রক্ষণাবেক্ষণের অভাবকেই দায়ী করছেন সাধারণ মানুষ। ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

