লেটেস্ট নিউজ

বিজেপি করার ‘শাস্তি’? কেতুগ্রামে নির্মাণের কয়েক ঘণ্টার মধ্যেই উধাও সরকারি রাস্তা

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁকুরহাটি গ্রামে পথশ্রী প্রকল্পের নবনির্মিত রাস্তা তুলে নেওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গ্রামের একটি নির্দিষ্ট অংশে ঢালাইয়ের কাজ সম্পন্ন হওয়ার পরেই রহস্যজনক ফোনের নির্দেশে প্রায় ২০ মিটার অংশের মশলা তুলে নেয় ঠিকাদারের কর্মীরা। এই নজিরবিহীন ঘটনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

গ্রামবাসীদের দাবি, গত লোকসভা নির্বাচনে ওই বুথে বিজেপি এগিয়ে থাকায় রাজনৈতিক প্রতিহিংসাবশত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের বাড়ির সামনের অংশটুকু বাদ দিয়েই রাস্তার কাজ আসাম্পূর্ণ রাখা হয়েছে বলে অভিযোগ। শাসকদলের অঙ্গুলিহেলনেই জনস্বার্থবিরোধী এই কাজ করা হয়েছে বলে সরব হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।

পাল্টা যুক্তিতে স্থানীয় পঞ্চায়েত সদস্য জানান, বরাদ্দ অর্থ অনুযায়ী ৫০ মিটার রাস্তার কাজ করা হয়েছে। যদিও ৭০ মিটারের টেন্ডার হওয়া সত্ত্বেও কেন মাঝপথে কাজ থামানো হলো, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বর্তমানে অর্ধেক তৈরি হওয়া রাস্তাটি ওই এলাকার সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *