লেটেস্ট নিউজ

ওন্দায় বিজেপিতে বড়সড় ভাঙন: গঙ্গাজলে ‘শুদ্ধি’ ঘটিয়ে তৃণমূলে ফিরলেন শতাধিক কর্মী

বাঁকুড়ার ওন্দায় বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন দেখা দিল বিজেপি শিবিরে। নিকুঞ্জপুর হাইস্কুল মোড়ে আয়োজিত এক সভায় ২০টি পরিবারের শতাধিক গেরুয়া কর্মী আনুষ্ঠানিকভাবে শাসক দল তৃণমূলে যোগদান করেন। দলবদলকারীদের অধিকাংশই আগে তৃণমূলেরই কর্মী ছিলেন, যারা পরবর্তীকালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন ঘরের ছেলেদের ফেরানোর সময় আয়োজিত হয় এক বিতর্কিত ‘শোধন’ কর্মসূচি, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলে ফেরা কর্মীদের সভামঞ্চেই কলসিতে রাখা গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভুল রাজনীতির ‘পাপ’ ধুয়ে ফেলতেই এই পবিত্র বারি ব্যবহার করা হয়েছে। বাঁকুড়া ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা জানান, এটি কেবল দলবদল নয়, বরং বিভাজনের রাজনীতি ছেড়ে উন্নয়নের পথে মানুষের প্রত্যাবর্তন। অন্যদিকে ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ খাঁ বিষয়টিকে ‘বিবেকের ডাক’ বলে অভিহিত করেছেন।

এই ঘটনার তীব্র সমালোচনা করেছে বিজেপি ও বাম শিবির। বিজেপির দাবি, যারা অন্যদের ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করত, তারাই আজ গঙ্গাজল নিয়ে নাটক করছে; এতে ভোটের সমীকরণে কোনো প্রভাব পড়বে না। বামেদের মতে, গঙ্গাজল দিয়ে রাজনীতির কলঙ্ক মোছা সম্ভব নয়। উল্লেখ্য, ২০২১-এর নির্বাচন ও গত লোকসভা ভোটে ওন্দায় বিজেপি শক্তিশালী অবস্থানে থাকলেও, বর্তমান দলবদল শাসক শিবিরের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *