লেটেস্ট নিউজ

কাজের চাপে মাঝ গঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ বিএলও-র, চাঞ্চল্য শ্রীরামপুরে

হুগলির শ্রীরামপুর ফেরিঘাট থেকে ব্যারাকপুর যাওয়ার পথে মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন মহম্মদ কায়ামুদ্দিন নামে এক বিএলও। তিনি কাঁচড়াপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ যাত্রী বোঝাই লঞ্চ থেকে তিনি আচমকা ঝাঁপ দিলে কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করেন। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তরিত করে।

জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক জানান, এসআইআর (SIR) সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপ তিনি সহ্য করতে পারছিলেন না। বিশেষ করে ডিজিটালাইজেশনের ক্ষেত্রে নিজের অক্ষমতার কথা নির্বাচন কমিশনকে জানালেও কোনো সুরাহা হয়নি বলে তার অভিযোগ। ১২৪৫ জন ভোটারের দায়িত্ব সামলাতে গিয়ে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। লঞ্চে নিজের মোবাইল ও নথিপত্র ভর্তি ব্যাগ রেখেই তিনি আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কর্মপদ্ধতির কড়া সমালোচনা করা হয়েছে। দ্রুত কাজ শেষ করার চাপে কর্মীরা হয়রান হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় কাউন্সিলর। বর্তমানে ওই শিক্ষক চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। এই ঘটনাটি সরকারি কাজের চাপ ও কর্মীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি পুনরায় সামনে এনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *