কলকাতায় যৌথ অভিযানে ৫ আফগান নাগরিক গ্রেফতার, উদ্ধার জাল নথি
কলকাতা ও মধ্যপ্রদেশ পুলিশের যৌথ অভিযানে শহর থেকে পাঁচ আফগান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজনকে বেনিয়াপুকুর এবং একজনকে ভবানীপুর এলাকা থেকে ধরা হয়। মধ্যপ্রদেশে একটি জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে পুলিশ সাদাফ নামে এক যুবককে গ্রেফতার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই কলকাতায় আত্মগোপনকারী এই বিদেশিদের হদিশ পায় তদন্তকারী দল।
তদন্তে জানা গিয়েছে, ধৃত আফগান নাগরিকদের ভিসার মেয়াদ ২০২৪ সালেই শেষ হয়ে গিয়েছিল। এরপর তারা অবৈধভাবে ভারতে বসবাস শুরু করে। ধৃতদের কাছ থেকে ভারতীয় জন্ম শংসাপত্র, পাসপোর্ট ও ভিসাসহ একাধিক নথি উদ্ধার হয়েছে, যার প্রতিটিই জাল বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত। মধ্যপ্রদেশের একটি চক্রের মাধ্যমেই এই সমস্ত জাল সরকারি নথি তৈরি করা হয়েছিল।
উদ্ধার হওয়া নথিপত্র দেখে গোয়েন্দারা নিশ্চিত যে, তারা দীর্ঘ সময় ধরে অবৈধভাবে পরিচয় গোপন করে ভারতে অবস্থান করছিল। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে শনিবার আদালতে পেশ করে মধ্যপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নজর এড়িয়ে কীভাবে এই বিদেশিরা জাল নথির সাহায্যে ভারতে বছরের পর বছর বসবাস করছিল, তা নিয়ে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়েছে।
