অবশেষে কি বিজয় দেবেরাকোণ্ডার ঘরণী হচ্ছেন রশ্মিকা মন্দানা? ভাইরাল বিয়ের কার্ড ঘিরে তুঙ্গে জল্পনা – এবেলা
এবেলা ডেস্কঃ
February 21, 202612:30 pm
বলিউড থেকে টলিউড— গত কয়েক মাস ধরে যে গুঞ্জনটি সবথেকে বেশি ডালপালা মেলেছিল, তা হলো দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোণ্ডা এবং ‘জাতীয় ক্রাশ’ রশ্মিকা মন্দানার বিয়ে। হাজারো লুকোচুরির পর অবশেষে কি তবে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই জনপ্রিয় জুটি? সম্প্রতি রশ্মিকার একটি রহস্যময় বার্তা এবং নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া একটি আমন্ত্রণপত্র অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে।
বেশ কিছুদিন ধরেই বিজয় এবং রশ্মিকার প্রেম নিয়ে বিনোদন জগতে কানাঘুষো চলছিল। যদিও দুজনেই বরাবর নিজেদের ‘ভালো বন্ধু’ হিসেবে দাবি করে এসেছেন। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা গেছে, আগামী ২৬ ফেব্রুয়ারি চার হাত এক হতে পারে এই তারকা দম্পতির। সম্প্রতি সমাজমাধ্যমে এক অনুরাগীর শুভেচ্ছাবার্তার জবাবে রশ্মিকা যেভাবে ‘ধন্যবাদ’ জানিয়েছেন, তাকেই এই সম্পর্কের পরোক্ষ শিলমোহর হিসেবে দেখছেন নেটিজেনরা।
ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি বিয়ের কার্ড। যদিও সেই কার্ডের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবুও সেখানে থাকা বিশেষ একটি শর্ত নজর কেড়েছে সবার। কার্ডে স্পষ্ট লেখা রয়েছে যে, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিতরা কোনো ছবি তুলতে পারবেন না। ব্যক্তিগত মুহূর্তকে ক্যামেরা থেকে দূরে রাখতেই কি এই গোপনীয়তা? এই প্রশ্নেই এখন উত্তাল ভক্তকুল। অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই হাই-প্রোফাইল বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

