অফিসারের চাপে আত্মহত্যার চেষ্টা: চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ বিএলও-র
কাজের অত্যধিক চাপ সহ্য করতে না পেরে শ্রীরামপুর ফেরিঘাটে চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক বুথ লেভেল অফিসার (বিএলও)। মোহাম্মদ কায়ামুদ্দিন নামে ওই ব্যক্তি টিটাগড়ের বাসিন্দা এবং কাঁচরাপাড়ার একটি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। শনিবার সকালে শ্রীরামপুর থেকে ব্যারাকপুর যাওয়ার পথে মাঝগঙ্গায় তিনি এই কাণ্ড ঘটান। তবে ‘জলসাথী’ ও ফেরিঘাট কর্মীদের তৎপরতায় তিনি প্রাণে বেঁচে গিয়েছেন।
উদ্ধারের পর কায়ামুদ্দিন দাবি করেন, এসআইআর (SIR) সংক্রান্ত কাজের চাপ এবং ডিজিটাল পদ্ধতিতে অদক্ষতার কারণে তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তাঁর অভিযোগ। ঘটনার সময় তাঁর সঙ্গে থাকা নথিপত্র ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি শ্রীরামপুর পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাজের পদ্ধতির সমালোচনা করে হয়রানির অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করে একে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে। শ্রীরামপুর থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এবং কায়ামুদ্দিনের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

