লেটেস্ট নিউজ

মানবিকতার নজির: থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাতে রক্তদান করলেন বালুরঘাটের বিডিও

বালুরঘাটের ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) সোহম চৌধুরী এক থ্যালাসেমিয়া আক্রান্ত কন্যাশিশুর প্রাণ বাঁচাতে রক্তদান করে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। জানা গেছে, ওই শিশুটির জন্য জরুরি ভিত্তিতে ‘বি পজিটিভ’ রক্তের প্রয়োজন ছিল। বিষয়টি জানতে পেরেই কোনো সময় নষ্ট না করে সরাসরি বালুরঘাট ব্লাড ব্যাঙ্কে পৌঁছে যান তিনি এবং স্বেচ্ছায় রক্তদান করেন।

বিডিও জানান, প্রশাসনিক পদের ঊর্ধ্বে তিনি একজন সাধারণ মানুষ এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন। নিজের রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তিনি দ্রুত এই সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে প্রত্যেকেরই এগিয়ে আসা উচিত, কারণ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়।

রক্তদান নিয়ে সাধারণ মানুষের মনের ভীতি দূর করার আহ্বান জানিয়েছেন সোহম চৌধুরী। তিনি সমাজের সর্বস্তরের নাগরিককে রক্তদান করে রক্তের সংকট মেটানোর অনুরোধ করেন। তাঁর এই পদক্ষেপ স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে এবং সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *